পিবিএস বৃত্তি পেলেন প্রথম বাংলাদেশি শিক্ষার্থী সিকৃবির রকি

যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা সংস্থা পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের (পিবিএস) বৃত্তি পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষার্থী শামসুল আলম। তিনি ভেটেরিনারি অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের (ডিভিএম) ছাত্র। তিনি সিকৃবিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভেটেরিনারি অনুষদের ২১তম ব্যাচে ভর্তি হন। বর্তমানে তিনি ভেটেরিনারি অনুষদে ডিভিএমের শেষবর্ষে  ইন্টার্নশিপ করছেন।
পোল্ট্রির পরজীবী রোগের ওপর ১০ সপ্তাহের ইন্টার্নশিপে কৃতিত্বপূর্ণ সাফল্য লাভ করার জন্য এই বৃত্তি প্রদান করা হয়, যার তত্ত্বাবধায়নে ছিলেন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম।
সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার তার কার্যালয়ে রকির হাতে  বৃত্তির ২৫০০ ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ) চেক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি, অ্যানিমেল বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, প্রফেসর ড. জামাল উদ্দিন ভূঞা, প্রফেসর ড. মাহফুজুর রহমান ও সহকারী অধ্যাপক ড. রিয়েল দত্ত।
শামসুল আলম রকি বলেন, এই বৃত্তি আমাদের ফ্যাকাল্টি তথা সিকৃবির জন্য একটা ভালো দিক, আশা করি পরবর্তী সময়ে প্রতিবারই আমাদের ফ্যাকাল্টি থেকে জুনিয়ররা এই বৃত্তি পাবে। জুনিয়রদের আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয়ে তাদের মেধা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।