পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠছে মন্তব্য করে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অনেক ক্রেতা রাগে ক্ষোভে পেঁয়াজ না কিনেই বাজার থেকে ফিরে আসছেন। কেউ অনেকটা বাধ্য হয়েই উচ্চ দামে এসব পেঁয়াজ কিনছেন। আজকে ভোট ছাড়া ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পেঁয়াজ ছাড়া তরকারি খেতে বলছে জনগণকে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এ সভা আয়োজন করে।
সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, ‘আজকে দেখেন দেশের কী অবস্থা। যে পেঁয়াজের দাম ২০ টাকা ছিল, সে পেঁয়াজ আজ ২০০ টাকা। সরকার কোনোভাবেই মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আর প্রধানমন্ত্রী নাকি তার পরিবারে বলেছেন, পেঁয়াজ দিয়ে তরকারি দরকার নেই।’
চলমান শুদ্ধি অভিযানের সমালোচনা করে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় দুর্নীতি ধামাচাপা দিতে সরকার চুনোপুঁটি ধরছে।’
সাবেক এই মন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস ইতিহাস যতই বিকৃত করুক না কেন, যখন ইতিহাস প্রকৃতপক্ষে লেখা হবে তখন জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব হবে না।
তিনি বলেন, খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগ সভানেত্রীর রাগের কারণে তিনি এখন কারাগারে। কোনো মামলার জন্য নয়, গণতন্ত্রকে হত্যা করার জন্য তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ডাকাতি করার জন্য খালেদা জিয়া আজকে কারাগারে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান কারি মো. আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।