টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নুর কবির (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তিনি মাদক পাচারকারী বলে দাবি বিজিবির।

শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির লেদা ছ্যুরি খালের কেওড়া বাগানে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নুর কবির মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মোতালেবের ছেলে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের লেদা বিওপির একটি বিশেষ টহলদল ছ্যুরি খালের পাশে বেড়িবাঁধ এলাকায় নিয়মিত টহলে গেলে কেওড়া বাগানে ৩-৪ জন লোককে মাটি খুঁড়তে দেখে।

পরে তাদের ওপর টর্চের আলো ফেললে কালো পলিথিনে মোড়ানো একটি বস্তা মাটির নিচ থেকে বের করতে দেখে। এসময় বিজিবি এগিয়ে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থেকে। এতে দুই বিজিবি সদস্য আহত হন।

ফয়সল হাসান জানান, এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ৮-১০মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে গুলি করতে করতে পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি বলেন, গোলাগুলি থামার পর টহলদল ঘটনাস্থল তল্লাশি করে  ১ লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ওই রোহিঙ্গাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।