কক্সবাজারের ‌‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ রোহিঙ্গা জোহারের গলাকাটা মৃতদেহ উদ্ধার

কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার (২৫) কে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লি সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নুর জোহার ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. খাইরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘সকালে স্থানীয়রা ওই এলাকার ব্রিজের নিচে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জবাই করা মৃতদেহটি উদ্ধার করে। পরে থানার রেকর্ড অনুযায়ী হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদক সহ একাধিক মামলার আসামি নুর জোহারকে শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জের ধরে তাকে জবাই করে হত্যার পর ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিয়ে চলে গেছে’।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা তদন্ত করছে। মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।