ঢাবি অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য অনুষদের পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর  সরকারি সাত কলেজের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়।

কঠোর নিরাপত্তায় ১ ঘণ্টার পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শেষে উত্তর পত্রের সঙ্গে প্রশ্নপত্র জমা দিতে হয় শিক্ষার্থীদের। এছাড়া পরীক্ষার হলে সকল ইলেকট্রনিকস সামগ্রিক নিষিদ্ধ করা হয়।

পরীক্ষার কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বেশ আনন্দমুখোর ভাবে কেন্দ্র থেকে বের হতে দেখা যায়।

এ বছর সাত কলেজের বাণিজ্য অনুষদে মোট পাঁচ হাজার ২১০ টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ২১ হাজার ৮৭৬ পরীক্ষার্থী ৷

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল, নীলক্ষেত হাই স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকায় সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হয়নি।

২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকেই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়।