আইপিএল থেকেও বাদ সাকিব

আসছে আইপিএলের জন্য দলগুলো তাদের ধরে রাখা (রিটেইন) খেলোয়াড় ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় প্রকাশ করেছে শুক্রবার। যেখানে বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা লুকানোয় আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে সাকিবকে। এর মধ্যে এক বছর হচ্ছে স্থগিত নিষেধাজ্ঞা। এমনিতেই তাই ২০২০ আইপিএলে খেলা হতো না সাকিবের।

সাকিবকে হায়দরাবাদের এই ছেড়ে দেওয়াটা তাই অনুমিতই ছিল। কদিন আগে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং ও ওয়ানডে র‌্যাঙ্কিং থেকেও বাদ পড়েছেন সাকিব।  

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আইপিএলের নিলাম। তার আগে ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করার জন্য শেষ সময় ছিল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত। ৮ দল মোট ৩৫ বিদেশি ক্রিকেটার সহ ১২৭ খেলোয়াড় ধরে রেখেছে।

ছেড়ে দেওয়া খেলোয়াড়রা আগামী মাসে নিলামে উন্মুক্ত থাকবেন। তবে সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই থাকবেন না সেখানে।