গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় গুলি করে ও ককটেল ফাটিয়ে নিউ দিপা জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার শৈলাট সড়কে জাকির হোসেনের মার্কেটে অবস্থিত নিউ দিপা জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ৮ থেকে ১০ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা এলোপাতাড়ি ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে এবং তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এ ঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু পেটে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়ো হয়েছে। ডাকাতির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।