ইউরো-২০২০ বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে পর্তুগাল। স্বাগতিকরা ৬-০ গোলে হারিয়েছে লিথুয়ানিয়াকে। ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ৭-০ গোলে হারিয়েছে মন্টেনেগ্রোকে। হ্যাটট্রিক করেন হ্যারি কেইন। এই জয়ে মূলপর্ব নিশ্চিত হয়েছে ইংলিশদের। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২-১ গোলে মলদোভার বিপক্ষে জয়ে নিশ্চিত করেছে মূলপর্ব। এছাড়া মূলপর্ব নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র ও তুরস্ক।
খারাপ ফর্মের কারণে জুভেন্তাসের সবশেষ ম্যাচে ৫৫ মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ মউরিসিও সারি। ইতালিয়ান এক সংবাদমাধ্যমের রিপোর্ট মতে, সেদিন খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম থেকে বেরিয়ে পর্তুগালে ফিরে যান সিআর সেভেন। ঘরের মাঠে বৃহস্পতিবার হ্যাটট্রিক করে যেন সারিকে জবাব দিলেন রোনালদো। ক্যারিয়ারে এটি ছিল রোনালদোর ৫৫তম হ্যাটট্রিক। পর্তুগালের হয়ে নবম। ম্যাচের ৭, ২২ ও ৬৫ মিনিটে গোল করেন রোনালদো। প্রথমটি ছিল পেনাল্টিতে। দেশের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৮। ইরানের আলি দাইয়ের ১০৯ গোলের বিশ্বরেকর্ড ভাঙতে আর মাত্র ১২ গোল প্রয়োজন তার। ম্যাচের বাকি তিনটি গোল করেন পিজ্জি, গনজালো পাসিয়েনসিয়া ও বের্নাদো সিলভা।
জুভেন্তাসের ম্যাচে মাঠ থেকে ওঠানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারি বলেছিলেন, রোনালদোর হাঁটুতে সামান্য সমস্যা আছে। তবে বৃহস্পতিবার তার কিছুই মনে হয়নি। কোচ ফার্নান্দো সান্তোস বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। সে ভালো আছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, ম্যাচের আগেই তা বলেছি। অন্যদের হয়তো ছিল, কিন্তু আমার কোনো সন্দেহ নেই।’ তবে বড় জয়ের পরও মূলপর্ব নিশ্চিত হয়নি পর্তুগালের। একই রাতে লুক্সেমবার্গের বিপক্ষে সার্বিয়া ৩-২ গোলে জেতায় মূলপর্বের অপেক্ষা বাড়ে রোনালদোদের। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সবার আগে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে ইউক্রেন। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের মতো মূলপর্বের আশা বেঁচে আছে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সার্বিয়ারও।
গ্রুপ ‘এ’র ম্যাচে ঘরের মাঠ ওয়েম্বলিতে ইংল্যান্ড উড়িয়ে দিয়েছে মন্টেনেগ্রোকে। ম্যাচে এদিন ইংল্যান্ড দলের গড় বয়স ছিল ২৩ বছর ২৫৫ দিন, যা ১৯৫৯ সালের পর ইংল্যান্ডের সবচেয়ে তরুণ দল। দলের বড় জয়ে অবদান অধিনায়ক হ্যারি কেইনের। ক্যারিয়ারের ১৪তম হ্যাটট্রিক করেছেন তিনি। কেইন হ্যাটট্রিক পূরণ করেন ১৮, ২৪ ও ৩৭ মিনিটে গোল করে। লেফটব্যাক বেন চিলওয়েল করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। এছাড়া গোল করেন অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন, মার্কাস রাশফোর্ড ও টামি আব্রাহাম। অপরটি আত্মঘাতী গোল। এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গী হয়েছে চেক প্রজাতন্ত্র। তারা ২-১ গোলে হারিয়েছে কসোভোকে।