ছয় দিন পর বনে মিলল শিশুর হাত-পা-মাথা বিচ্ছিন্ন লাশ

গাজীপুরে নিখোঁজের ৬ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মনিপুর মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নাম মুনিয়া (৫)। সে মনিপুর মধ্যপাড়া এলাকার মঞ্জুর হোসেনের মেয়ে।

জয়েদবপুর থানার এসআই মো. বাছেদ মিয়া জানান, মনিপুর মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গত ১০ নভেম্বর নিখোঁজ হয় মুনিয়া। পরে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

এক পর্যায়ে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। নিহত মুনিয়াকে খোঁজে পেতে তার মা বনের ভেতর একটি মোরগ ছেড়ে দেওয়ার মানত করেন। শনিবার সকালে মুনিয়ার মা মনিপুর মধ্যপাড়া এলাকায় একটি বনের ভেতর ওই মোরগ ছেড়ে দিতে যান।

এ সময় বনের ভেতরে বাম হাত, বাম পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় মুনিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার ধারণা, মুনিয়াকে দুর্বৃত্তরা ৪/৫ দিন আগেই হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।