বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সিপিবির বিক্ষোভ

পেঁয়াজের সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার দুপুরে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা।

প্রথমে শহরের ১ নম্বর রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ।

বক্তারা বলেন, দুই মাস ধরে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হলেও সরকার কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ফলে প্রতি সপ্তাহেই বেড়েছে পেঁয়াজের দাম। এখন ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আর এতে করে চরম বিপাকে পড়েছে মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্টের যেন কোন শেষ নেই। বাধ্য হয়ে তাদের পচা পেঁয়াজ কিনতে হচ্ছে। তারপরও বাণিজ্যমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা অগ্রহণযোগ্য বক্তব্য দিয়েই যাচ্ছেন। আর তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

এছাড়া যারা এই পেঁয়াজের দাম বৃদ্ধিতে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।