জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখতে বিদেশিরাও ছুটে আসবেন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সবুজে ঘেরা পরিবেশে নির্মাণ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। যা দেখতে শুধু এশিয়া মহাদেশ থেকে নয়; সারা বিশ্বের মানুষ ছুটে আসবেন।

শনিবার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি এলাকায় বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ স্থানে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বেশি লাভবান হবেন কেরানীগঞ্জবাসী এমন মন্তব্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের শেষ আশ্রয়স্থল বলেই জমির মালিকদের মনে যেন কোনো দুঃখ না থাকে, সেই জন্য জমির মূল্যের চেয়ে ৩ গুণ বেশি টাকা দেওয়ার কথা বলে দিয়েছেন। আর এ টাকা যেন সঠিক ব্যক্তিরা পান সেদিকেও নজর রাখতে বলেছেন।’

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মীজানুর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য পশ্চিমদি এলাকায় ১৮৮ দশমিক ৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।