শরীয়তপুরে বিরিয়ানি খেয়ে পরীক্ষার্থীসহ অসুস্থ ৩৫

শরীয়তপুর শহরের একটি কিন্ডারগার্টেনের ক্লাস পার্টিতে ভেজাল খাবার খেয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ অন্তত ৩৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে ৩২ সমাপনী পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার দুপুরে ‘এসডিএস একাডেমি’ নামের কিন্ডারগার্টেনে ক্লাস পার্টির অনুষ্ঠানে ওই খাবার বিতরণ করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার এসডিএসের সব ক্লাস বন্ধ ছিল।

এসডিএস একাডেমি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে একটি হোটেল থেকে খাবারগুলো সরবরাহ করা হয়। পরদিন গত শুক্রবার অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পরিবারগুলো প্রথমে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নেয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাদের সদর হাপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

শরীয়তপুর সদর হাসাপাতাল ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত নারী-শিশুসহ ১০ জন অসুস্থ হয়ে ওই হাসাপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে। সদর হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. নুরুল আমীন বলেন, ভর্তি হওয়া ব্যক্তিরা ডায়রিয়া, বমি, জ্বর ও পেটের পীড়ায় আক্রান্ত।

এসডিএস একাডেমির পরিচালক (এমএস) কামরুল ইসলাম বাদল জানান, গত বৃহস্পতিবার এসডিএস একাডেমির সমাপনী পরীক্ষার্থীদের ক্লাস পার্টিতে শরীয়তপুর শহরের একটি হোটেল থেকে ৬৬ প্যাকেট বিরিয়ানি সরবরাহ করা হয়। দুপুরের খাবারের প্যাকেট অনেকে পরে খাওয়ার জন্য বাসায় নিয়ে যায়। ওই খাবার খেয়ে শিক্ষার্থী, শিক্ষকসহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখ বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. খলিলুর রহমান বলেন, অসুস্থরা এখন আশঙ্কামুক্ত।