মেহেরপুরে প্রতিমন্ত্রী

ধ্বংস হওয়া ট্রেনকে এই সরকার গতিশীল পর্যায়ে এনেছে

জামায়াত-বিএনপির আমলে ট্রেন যে ধ্বংসের মুখে পড়েছিল সেই জায়গা থেকে ট্রেনকে একটি গতিশীল পর্যায়ে এনেছে বর্তমান সরকার। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরে আয়কর মেলা উদ্বোধনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি আরও বলেন, যেসব জায়গায় জোট সরকারের আমলে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল সেসব জায়গায় নতুন করে রেল যোগাযোগ চালু করা হয়েছে।  সরকার রেল যোগাযোগকে আরও উন্নত ও গণমুখী করতে চায়।
পরে তিনি মেহেরপুর কমিউনিটি সেন্টারে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের যুগ্ম কর কমিশনার মু. মুহিতুর রহমান।