বনশ্রীতে দরজা ভেঙে সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীতে ভাড়া বাসা থেকে মনসুর আলী (৩৩) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ।

মনসুর আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। তিনি বাংলা ট্রিবিউনে সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, সন্ধ্যায় সাড়া না পেয়ে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।