পেঁয়াজের জন্য দেশের কোটি মানুষ আর্তনাদ করলেও সরকার ব্যর্থতার দায় স্বীকার না করে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। তবে দেশের মানুষ খুবই ভালো, তাই কষ্ট পাওয়ার পরেও নীরবে ঘরে বসে আছে বলে মনে করেন তিনি।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ বলেন, পেঁয়াজের জন্য দেশের কোটি মানুষ আর্তনাদ করছে।
আর সরকার ব্যর্থতার দায় স্বীকার না করে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, কখনো ব্যাংকের টাকা লুট হচ্ছে, কখনো শেয়ারবাজারের টাকা লুট হচ্ছে, ঋণখেলাপির সংখ্যা দিন দিন বাড়ছে। ধর্ষণ ও মাদকের আগ্রাসন তো লেগেই আছে। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে রেল এবং সড়ক পথের দুর্ঘটনা। এতে করে মারা যাচ্ছে শত শত লোক।
তিনি বলেন, আজ জনগণের নির্বাচিত সরকার থাকলে দেশে এ ধরনের সমস্যা সৃষ্টি হতো না। এ দেশের মানুষ খুবই ভালো, এত কষ্ট পাওয়ার পরও নীরবে ঘরে বসে আছে। তবে সব সময় যে এভাবে ঘরে বসে থাকবে তার নিশ্চয়তা নেই। কারণ এ দেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।
কর্নেল অলি সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিবৃতিতে।