হেমাটোলজি সম্মেলন শুরু

রক্তরোগ চিকিৎসায় জেলা পর্যায়ে সরকারি উদ্যোগের আহ্বান

রাজধানীতে শুরু হওয়া দুদিনব্যাপী হেমাটোলজি সম্মেলনে রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশে রক্তরোগ চিকিৎসা ব্যবস্থায় সংকট রয়েছে বলে জানিয়েছেন। গতকাল শনিবার সম্মেলনের প্রথম দিন তারা বলেন, দেশে রক্তরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসা ব্যবস্থা বাড়ছে না। সরকারি পর্যায়ে মাত্র ৮ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বেসরকারি পর্যায়ে কিছু মেডিকেলে চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল, যা অধিকাংশ রোগীর পক্ষে বহন করা সম্ভব নয়।

এসব বিশেষজ্ঞ চিকিৎসক রক্তরোগ চিকিৎসার ব্যয়ভার সহনীয় করার জন্য জেলা পর্যায়ে সরকারি উদ্যোগে চিকিৎসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রথম দিন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ।

সম্মেলনে ১২টি অধিবেশন অনুষ্ঠিত হবে। অংশ নিয়েছেন বাংলাদেশের ২৩ জনসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, ভারত ও ইরানের ৩০০ রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক।