সাংবাদিক মনসুরের মৃতদেহে আঘাতের চিহ্ন নেই

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাব-এডিটর আবুল মনসুরের মৃতদেহে কোনো ধরনের আঘাত চিহ্ন পাওয়া যায়নি। হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ময়নাতদন্ত শেষে বলেন, মৃতদেহের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দিতে মৃতদেহ থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষানাগারে পাঠানো হবে। তবে ময়নাতদন্তকালে প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে হার্টঅ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢামেক মর্গে আবুল মনসুরের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এর আগে শনিবার রাত ৮টার দিকে পুলিশ বনশ্রীতে তার রুমের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে।