গোতাবায়ার জয়ে ফের শ্রীলঙ্কার ক্ষমতায় রাজাপাকসে পরিবার

দশ বছর আগে তামিল বিদ্রোহীদের নৃশংসভাবে দমন করা গোতাবায়া রাজাপাকসে ৫৩-৫৪ শতাংশ ভোট পেয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই।

গোতাবায়ার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সাজিথ প্রেমাদাসা। তিনি আরেক সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে। রানাসিংহে হার স্বীকার করে গোতাবায়াকে ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছেন।

২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে মাহিন্দা রাজাপাকসের সময় গোতাবায়া ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। তার বিরুদ্ধে লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিআই) গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। নিরাপত্তা বাহিনীর একটি অংশ তার নির্দেশে সাদা ভ্যানে চড়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘হত্যা করত’। নিজের পরিবারেই অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট কর্নেল ‘টার্মিনেটর’ হিসেবে পরিচিত।

ইস্টার সানডেতে সন্ত্রাসী হামলায় আড়াইশ’রও বেশি মানুষ নিহতের ৭ মাস পর নতুন প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা।

‘এটা পরিষ্কার বিজয়। আগে থেকেই আমাদের ধারণায় ছিল,’ জয়ের খবর শুনে গোতাবায়ার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা এএফপিকে বলেন, ‘গোতা পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছে, আমরা খুব খুশি। আগামীকাল অথবা তার পরদিন তিনি শপথ নেবেন।’