শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশ নিয়ে আবার উত্তাল কেরালা

ভারতের কেরালার আলোচিত শবরীমালা মন্দির থেকে এবার ১০ জন নারীকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সেখানে নতুন করো আন্দোলন শুরু হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

নারীদের প্রবেশাধিকার বিষয়ে সেদেশের সুপ্রিম কোর্ট থেকে গত বৃহস্পতিবার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি না দিয়ে আগের রায় পুনর্বিবেচনা মামলার বিষয়টি পর্যালোচনা করা জন্য ৭ বিচারপতির বেঞ্চের কাছে পাঠানো হয়।

এই অবস্থায় শনিবার বিকেল থেকে ৪১ দিনের জন্য খোলা হয় মন্দিরটি। বছরে এটি মোট ১২৭ দিন খোলা থাকে। ওই সময় হিন্দু ধর্মের মানুষ মন্দিরটিতে গিয়ে একবার প্রার্থনা করার জন্যে মুখিয়ে থাকেন। কিন্তু এখানে নারীদের ঢুকতে দিতে চায় না মন্দির কর্তৃপক্ষ। এ নিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট যুগান্তকারী রায়ে বলে, শবরীমালা মন্দিরে যে কোনও বয়সের যে কোনও নারীর প্রবেশাধিকার রয়েছে। এই রায় আবার বিবেচনা করার জন্য মামলা চলছে।

মন্দির ঘিরে যাতে আন্দোলন না হয়, তার জন্য মোতায়েন করা হয়েছে দশ হাজারের বেশি পুলিশ।