পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

মধুর ক্যান্টিন থেকে দুপুরে মিছিলটি বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ থেকে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান তারা।

ছাত্রদলের নতুন কমিটি গঠন করার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করবেন তারা।