সাংবাদিক গৌতম দাসের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিহতের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর ও গৌতমের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্দীইদাসদী গ্রামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ফরিদপুর ও ভাঙ্গা প্রেস ক্লাব সকাল সাড়ে ৯টায় চ-িদাসদী গ্রামে গৌতমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে।
এ ছাড়া বেলা ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পরে আলোচনা সভা হয়। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করা হয়।
২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধে হত্যা করা হয় গৌতম দাসকে।
গত ২০১৩ সালের ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গৌতম হত্যা মামলার রায়ে নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।