শবরীমালার দরজা খুললেও নারী প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতের কেরালার বিতর্কিত শবরীমালা মন্দিরের দরজা দুই মাস ধরে চলমান এক অনুষ্ঠানের জন্য খুলে দেওয়া হয়েছে। মন্দিরে নারীদের প্রবেশের পক্ষে আদালতের রায় থাকলেও ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে এনডিটিভি।

সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করার দু’দিন পর খুলল শবরীমালা মন্দিরের দরজা। বার্ষিক ম-লা পুজো উপলক্ষে গত শনিবার বিকেল ৫টায় দর্শনার্থীদের জন্য আয়াপ্পা মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।

কিন্তু প্রবেশাধিকার পাননি অন্ধ্রপ্রদেশ থেকে আসা ১০ জন নারী। ১০ থেকে ৫০ বছর বয়সী ওই ১০ নারীকে আয়াপ্পা দর্শনের অনুমতি না দিয়ে তাদের ফেরত পাঠিয়ে দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, এদিন মন্দিরে প্রবেশে ইচ্ছুক নারী পুণ্যার্থীদের জন্য বাড়তি কোনো সুরক্ষার আয়োজন করেনি কেরালা সরকার। রাজ্যের এক মন্ত্রীর কথায়, ‘মন্দির কোনো আন্দোলনের জায়গা নয়।’ ২০১৮ সালে শীর্ষ আদালত নারীদের মন্দিরে প্রবেশের ছাড়পত্র দেয়। ওই রায়ের পুনর্বিবেচনায় মামলাটি সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়েছে। তবে আগের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করা হয়নি।