ভাইয়ের শটে ভাই আহত

ওয়েস অ্যাগার উড়িয়ে মারলেন বল। মিড অনে ক্যাচ ধরতে ছুটে এলেন তার ভাই অ্যাস্টন অ্যাগার। তালুবন্দি হয়ে আউট হয়েই যেতেন ওয়েস। কিন্তু হঠাৎ পিছলে পড়লেন অ্যাস্টন। বল গিয়ে লাগল দুই চোখের মাঝে নাকের ওপরের অংশে। অ্যাস্টনের নাকের ওপরটায় রক্তাক্ত অবস্থা। নাকের ওপরের অংশে ফেটে গেলেও মাথার ভেতরে বা চোখে কোনো সমস্যা হয়নি অ্যাস্টন অ্যাগারের।

বড় ভাই বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন। ছোট পেসার ওয়েস আছেন অপেক্ষায়। ঘরোয়া ক্রিকেটে অ্যাস্টন খেলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়েস সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। দুই দলের লড়াইয়ে সাউথ অস্ট্রেলিয়ার ইনিংসের শেষদিকে ওই ঘটনা ঘটে। অবস্থা দেখে ব্যাটিং ফেলে মিডঅনে ছুটে যান ছোট ভাই ওয়েস। বড় ভাইয়ের অবস্থা দেখে চমকে ওঠেন। খেলা শেষে জানান, ‘সে পিছলে পড়ায় এটা হয়েছে। বল ওর গ্লাসে লেগেছিল। ভাগ্য ভালো যে চোখে আঘাত হানেনি। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। চিকিৎসকরা ওর ফেটে যাওয়া জায়গাটায় সেলাই করতে চেয়েছিল। কিন্তু ব্যাপারটি হয়েছে দু’চোখের মাঝে, সেলাই করলে সেখানে দাগ থেকে যাবে। অ্যাস্টনের সদ্যই এনগেজমেন্ট হয়েছে। সে চায়নি মুখে দাগ নিয়ে থাকতে তাই প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হয়েছে।’