উঠল জার্মানি নেদারল্যান্ডস পর্তুগাল

আরও পাঁচ দেশ জার্মানি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া ও পর্তুগাল ইউরো ২০২০ এর মূল পর্ব নিশ্চিত করেছে। এ নিয়ে ১৭টি দেশের মূলপর্ব নিশ্চিত হলো। বাকি ১২ দল হচ্ছে বেলজিয়াম, ইতালি, রাশিয়া, পোল্যান্ড, ইউক্রেন, স্পেন, তুরস্ক, ফ্রান্স, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড ও সুইডেন।

গতকাল রবিবার লুক্সেমবুর্গকে ২-০ গোলে হারিয়ে ইউরো মূলপর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচে ৮৬ মিনিটে গোল করে জাতীয় দলের হয়ে ৯৯তম গোল পান  ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার বেলারুশকে ৪-০ গোলে হারিয়ে টানা ১৩ বার মূলপর্ব নিশ্চিত করল জার্মানি। তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা ৭ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে। একই গ্রুপ থেকে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা শনিবার। বরুসিয়ার মনশেনগ্লাডবাখে জার্মানির ৪ গোলের জয়ে বড় অবদান টনি ক্রুসের জোড়া গোল। ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালের পর এই প্রথম জাতীয় দলের হয়ে গোল পেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। এছাড়া একটি করে গোল করেন ম্যাথিয়াস জিনটার ও লেওন গোরেজকা। এদিকে, ২০১৪ বিশ্বকাপের পর আবার বড় কোনো টুর্নামেন্টের মূলপর্বে উঠল ডাচরা। ডাচ ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আশা করছি ডাচ মানুষদের জন্যও তাই।’ তবে উত্তর আয়ারল্যান্ডের অধিনায়ক স্টিভেন ডেভিস পেনাল্টি মিস না করলে ম্যাচটি জিততে পারত তারা। ‘ই’ গ্রুপ থেকে মূলপর্ব নিশ্চিত করতে ক্রোয়েশিয়ার দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। প্রথমার্ধে পিছিয়ে থাকার পরও জয়ে তারা পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ক্রোটদের হয়ে ম্যাচের ৫৬, ৬০ এবং ৭৪ মিনিটে গোল করেন যথাক্রমে নিকোলা ভাসিচ, ব্রুনো পেটকোভিচ, ইভান পেরিসিচ। তার আগে ৩২ মিনিটে রোবের্তো বোজিনেক এগিয়ে দিয়েছিল সেøাভাকিয়াকে। ৬৬ মিনিটে রাবার্ট মাক লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। গ্রুপের অপর ম্যাচে ওয়েলস ২-০ গোলে আজারবাইজানকে হারিয়ে মূলপর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। গোল দুটি করেন কিফের মোরে ও হ্যারি উইলসন।

জি গ্রুপ থেকে আগেই মূলপর্ব নিশ্চিত করা পোলান্ড এদিন ইসরায়েলকে ২-১ গোলে হারিয়েছে। আগেই মূলপর্ব নিশ্চিত হওয়া বেলজিয়াম ৪-১ গোলের জয় পেয়েছে রাশিয়ার বিপক্ষে। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন ইডেন হ্যাজার্ড। রোমেলু লুকাকু করেন একটি গোল।