দুর্নীতিবাজদের ধরায় সারা দেশে আওয়ামী লীগের সুনাম বেড়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তিনি বলেন, সরকার ভালো কাজ করছে। আওয়ামী লীগ আরও বেশি দিন ক্ষমতায় থাকলে দেশে আরও উন্নয়ন হবে।
গতকাল রবিবার দুপুরে সাভারের সিএনবি এলাকায় ‘বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১১৯তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০১৯-২০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারকে উন্নয়নবান্ধব উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করে পার পাবে না। দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে সবাইকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এখন দেশের মানুষ ভূমি মন্ত্রণালয়ে সর্বোচ্চ সঠিক সেবা পাচ্ছে। এজন্য দুর্নীতির ঊর্ধ্বে থেকে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।