রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সোহরাব মিয়াকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার দুপুরে রাবি শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাবির প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলোÑ রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ুন কবির নাহিদ। তারা দুজনই শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে ‘নিপীড়নবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য রাজশাহী বিশ্ববিদ্যালয়’র ব্যানারে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে দুপুর ১২টা থেকে প্রশাসন ভবন ঘেরাও করে আন্দোলন করে শিক্ষার্থীরা। ওই দুই ছাত্রলীগ কর্মীর বিষয়ে রাবি প্রশাসনের সিদ্ধান্ত জেনে তারা ওই স্থান ত্যাগ করে।