সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের অসহায় দরিদ্র মানুষের চিকিৎসাসেবা, ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত তিন দিন ধরে জেলার শরণখোলা, রামপাল ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগ এই ত্রাণ সহায়তা দেয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ইমরান শেখ, সদস্য সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের ৯ জনের দুটি দল শরণখোলা ও রামপাল উপজেলার ৭৮০ জনকে ফ্রি চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করে। এ ছাড়া ঝড়ে ঘর বিধ্বস্ত হওয়া ৪৬টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও ২৩৪ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ইমরান শেখ ও সদস্য সাইফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকূলীয় বাগেরহাটের ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে।