দুঃসময়ে বিএনপিকে সঠিক নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দুঃসময়ে সঠিক নেতৃত্ব দিচ্ছেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন।

বিএনপি মহাসচিব বলেছেন, জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে বিএনপিতে ‘নতুন প্রাণ’ সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যে বিএনপিকে গুছানোর কাজ প্রায় শেষ করে নিয়ে এসেছেন, নতুন প্রাণ সৃষ্টি করেছেন বিএনপির মধ্যে। এই দুঃসময়ে হাজার হাজার মাইল দূর থেকে তিনি দলকে পরিচালিত করছেন, এই দুঃসময়ে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে চলেছেন।

তিনি বলেন, আসুন আজকে তার জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানাই, তার শতায়ু কামনা করি। সেই সঙ্গে তার কাছে আমরা এই শপথ করি যে, আমরা যেকোনো মূল্যে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং যেকোনো মূল্যে দেশের গণতন্ত্রকে মুক্ত করে নিয়ে আসব ইনশা আল্লাহ।

তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সব মামলা মিথ্যা দাবি করেন মির্জা ফখরুল।

অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা  প্রত্যাহারর দাবি জানিয়ে তিনি বলেন, কোথাও তো কোনো কিছু খুঁজে পান নাই। সারা বিশ্বে তন্ন তন্ন করে খুঁজেছেন কোথাও কোনো দুর্নীতির চিহ্ন খুঁজে পায়নি সরকার। একইভাবে খালেদা জিয়াকেও আটকে রাখা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের বন্ধুরা অনেকে গুম হয়ে গেছেন। আমাদের ছেলেরা অনেকে আজকে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় রিকশা চালাচ্ছে, হকারের কাজ করছে। এ রকম একটা ভয়াবহ করুণ অবস্থার মধ্যে বাংলাদেশের রাজনীতি আছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই এটা মুক্ত করা সম্ভব।

মির্জা ফখরুল বলেন, আজকে একটা দানবের হাতে দেশ পড়েছে। সবকিছু তছনছ করে দিচ্ছে। আপনি দেখুন যে, অর্থনীতির বলতে কিচ্ছু নেই। দাবি করে যে, উন্নয়নের রোল মডেল নাকি বাংলাদেশ। অথচ এদিকে দেখা যাচ্ছে, ঋণ ঋণ আর ঋণ। চতুর্দিকে ঋণে সরকার একেবারে পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চলছে।

ছাত্র সমাজের অতীত গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আজকে এগিয়ে আসতে হবে তরুণদের, যুবকদের, ছাত্রদের। নেতৃত্ব দিতে হবে তাদের। কারও জন্য অপেক্ষা করলে চলবে না। কে ডাক দিল কে ডাক দিল না সেই অপেক্ষা করলে চলবে না।

সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ওবায়দুর রহমান চন্দন ও নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আজম খান প্রমুখ।