পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় সাবেক মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস একে অপরকে দোষারোপ করছে বলে জানিয়েছে আনন্দবাজার।
ভারতের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও আধুনিকীকরণে অগ্রণী ভূমিকার জন্য বিধানচন্দ্র রায়ের ওই আবক্ষ মূর্তিটি স্থাপন করা হয়েছিল। গতকাল সোমবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, কে বা কারা মূর্তিটি ভেঙে ফেলে রেখেছে।
মূর্তি ভাঙচুরের ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি কারও নাম উল্লেখ না করেই এর জন্য কেন্দ্র বিজেপিকে দোষারোপ করেছেন। গত নির্বাচনে বিজেপি বেশ কিছু আসন পাওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে এমন ঘটনা বেড়েছে বলে দাবি করেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘একটি দল দেশ শাসন করছে, কিন্তু দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে তারা কিছুই জানে না। ২০১১ সালে বামফ্রন্টকে হারিয়ে রাজ্যের ক্ষমতায় আসার পর আমরা তো কলকাতায় লেনিনের মূর্তি ভাঙচুর করার কথা ভাবিনি।’