সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় কাঠগড়া ও দুর্গাপুর এলাকার প্রায় চার কিলোমিটার এলাকার দুই হাজার বাসাবাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গতকাল সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ।
তবে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, আশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য জাকির হোসেনের নেতৃত্বে প্রতি বাড়ি থেকে ৩০-৫০ হাজার টাকা আদায় করে এই এলাকায় অবৈধ গ্যাসের সংযোগ প্রদান করা হয়েছে। যতবারই গ্যাস অফিস থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয় ততবারই আমাদের কাছ থেকে নতুন করে জোরপূর্বক টাকা নিয়ে সংযোগ প্রদান করে তার লোকজন। টাকা দিতে না চাইলে কিংবা গ্যাস নিতে না চাইলেই বিভিন্নভাবে এলাকাবাসীকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আমি আগে গ্যাসসংযোগ দিয়েছিলাম কিন্তু এখন এর সঙ্গে আমি জড়িত নই। অনেকেই হয়তো ভয়ে আমার নাম বলে থাকে। আপনারা আরও বেশি করে অভিযান চালান, প্রয়োজনে আমি সঙ্গে থেকে সহযোগিতা করব। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (জোবিঅ) ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম জানান, সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়ার কাঠগড়া ও দুর্গাপুর এলাকার বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া প্রায় দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে দেওয়া নিম্নমানের জিআই পাইপ, চুলা ও রাইজার জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, গত এক বছরে শুধু এই এলাকায় পাঁচবার গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হলো। কিন্তু এই চক্রের সদস্যরা এতই সক্রিয় যে সংযোগ বিচ্ছিন্নের দু-এক দিনের মধ্যেই পুনরায় অবৈধ সংযোগ প্রদান করে টাকা হাতিয়ে নেয়। তাই অবৈধ এসব সংযোগ গ্রহণকারী ও তাদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
অভিযানের সময় তিতাসের উপব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপব্যবস্থাপক মহিউদ্দিন, সহব্যবস্থাপক আব্দুল মান্নান, সহব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক, সহব্যবস্থাপক ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।