চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের ভিড়ে লিফট আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হননি। বিএনপি নেতাদের দাবি, তার ছিঁড়ে লিফটটি পড়ে যায়।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন পাথরঘাটা বিস্ফোরণে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির অনেক নেতাকর্মী। লিফটে ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, ড্যাবের সহসভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা।
ঘটনার বর্ণনা দিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘আহতদের দেখে পাঁচতলার অর্থোপেডিক বিভাগ থেকে আমরা লিফটে নামছিলাম। দোতলায় এসে লিফট ছিঁড়ে দ্রুত নিচতলায় নেমে যায়।’