মাদারীপুরে দুদকের হাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আটক

মাদারীপুরের কালকিনিতে কয়ারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ আটক করে আদালতে সোপর্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে ভূমির শ্রেণি পরিবর্তন করে লিজ দেওয়ার অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা করে।

সোমবার দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে দুদক ফরিদপুর সমন্বিত কার্যালয়ের একটি দল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদসহ একাধিক ব্যক্তিকে জমির শ্রেণি পরিবর্তন করে কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাটের একটি পুকুর বন্দোবস্ত দেন।

এরই প্রেক্ষিতে দুদক ফরিদপুর কার্যালয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু তিনি দুদকের এই মামলায় হাজির না হওয়ায় দুদক অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতে সোপর্দ করে।

মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এনায়েতনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের একটি মামলা ছিল। এই মামলায় তাকে আটক করে মাদারীপুরের বিশেষ জেলা জজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ফরিদপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

দুদকের ফরিদপুরের উপ-পরিচালক মোবাইল ফোনে তাকে কল দিয়ে বিষয়টি জানিয়েছেন বলে নিশ্চিত করেন।