খদ্দের টানতে কতই না বিজ্ঞাপন কৌশল আবিষ্কার করেন বিক্রেতারা! তাই বলে পুরুষকে পরতে হবে নারীদের পোশাক। তাও আবার বিকিনি।
এই অভিনব ঘটনা ঘটেছে রাশিয়ায়। সেখানে বিনামূল্যে পেট্রল পেতে বিকিনি পরতে রাজি হয়েছে অনেকে ক্রেতা! এই ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে সারা বিশ্বে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সেখানকার সামারা অঞ্চলের ওলভি পেট্রল স্টেশনের এক বিক্রেতা নাকি মাথা খাঁটিয়ে বের করেছেন এই ক্রেতা টানার কৌশল। বিকিনি গার্লের জায়গায় বিকিনি বয়কে দেখতে নাকি অনেকেই আগ্রহী হয়ে আসছেন সেখানে।
ঘটনাটি ‘বিকিনি ড্রেস’ হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং হয়েছে টুইটারে। ছবি দেখে মজার মন্তব্যও করেছেন অনেকে। কেউ বলছেন, “মিশনের লক্ষ্যে পৌঁছোতে লিঙ্গ বদল!” একজন লেখেন, “ক্যালিফোর্নিয়ার পুরুষ হয়েও বলব, এই পেট্রল স্টেশন থেকে আমি জ্বালানি নিতে যাব।”
সাবধানবাণী শুনিয়ে আরেকজন লেখেন, “বিকিনি বয়ের শরীর আগুনের মতোই। তাই সবাই সাবধান।”