মালির পূর্বাঞ্চলে ব্যাপক সংঘর্ষে ২৪ সৈন্য ও ১৭ ইসলামি যোদ্ধা নিহত হয়েছে। তাবানকোর্ট শহরের কাছে মালি ও নাইজার বাহিনীর যৌথ অভিযানের সময় এই সংঘর্ষ ঘটে।
এএফপি জানায়, সোমবার পশ্চিম আফ্রিকার দেশটিতে নাজুক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটল।
সামরিক সূত্র জানায়, মালি ও নাইজার বাহিনীর এই যৌথ অভিযানে মোট ২৪ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়। অভিযানে নিহত হয় ১৭ ইসলামি যোদ্ধা।
অভিযানে গ্রেপ্তার করা হয় শতাধিক সন্দেহভাজনকে। গ্রেপ্তারকৃতরা নাইজার সৈন্যদের কাছে বন্দী রয়েছে।
২০১২ সাল থেকে মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইসলামি গোষ্ঠী। পরে ফরাসি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তারা।