জনপ্রিয় র্যাপার কেনি ওয়েস্ট নিজেকে ‘খোদার সৃষ্টি শ্রেষ্ঠ শিল্পী’ দাবি করলেন। রবিবার তিনি হাজির হয়েছিল হিউস্টনে জনপ্রিয় যাজক জোয়েল ওসটেনের লেকউড চার্চে।
পিপল ডটকমের প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের ওই অনুষ্ঠানে ৪২ বছর বয়সী ‘জেসাস ইজ কিং’-খ্যাত র্যাপার নিজের আধ্যাত্মিক জীবন সম্পর্কে অতিথিদের জানান।
ওসটেনের মেগাচার্চে দাঁড়িয়ে কেনি বলেন, “আমি জানি, খোদা আমাকে অনেক বছর ধরে ডাকছিলেন, আর শয়তান দীর্ঘদিন ধরে বিভ্রান্ত করেছিল।”
২০১৬ সালে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই গায়ক। জানান, এই সময় খোদা তাকে দূরদৃষ্টি ও অনুপ্রেরণা দিয়েছেন। এখন তিনি মঞ্চে দাঁড়ালেই অনুভব করেন সৃষ্টিকর্তার সেবা করছেন, তার বিরুদ্ধে কোনো অস্ত্র কাজ করবে না।
ওই সময় আগের ‘অহংকার ও ধৃষ্টতাপূর্ণ আচরণের’ কথা স্মরণ করেন কেনি ওয়েস্ট। কিন্তু এখন, “খোদার সৃষ্ট শ্রেষ্ঠ শিল্পী হয়ে তার জন্য কাজ করছে।” এই সব কথা বলার সময় গায়কের মুখ হাসিতে ভরে উঠে।
কেনির গল্প শেষ হলেই তার স্ত্রী রিয়্যালিটি শো সেলিব্রিটি কিম কার্দাশিয়ান ও মেয়ে নর্থকে মঞ্চে আমন্ত্রণ জানান ওসটেন। তারা সামনের সারিতে বসেছিলেন। ওই সময় সবাইকে হাততালি দিতে বলেন যাজক।
ওই সন্ধ্যায় সানডে সার্ভিসের অংশ হিসেবে চার্চে পরিবেশনায় অংশ নেন কেনি ওয়েস্ট।