দুদকের তদন্তে নামার খবরে ‘নিজের প্রতি ঘেন্না হচ্ছে’ নাজমুলের

চাঁদা দাবিসহ নানা অভিযোগে দুদকের তদন্তে নামার খবরে কষ্ট পাওয়ার কথা উল্লেখ করে সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলমের ‘নিজের প্রতি ঘেন্না হচ্ছে’ বলে জানিয়েছেন।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী সিদ্দিকী নাজমুল আলম সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুক প্রোফাইলে একটি পোস্টে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

পোস্টে তিনি ছাত্রলীগের দায়িত্বে থাকার সময় টেন্ডার চাঁদা তদবির কমিটি বাণিজ্য কোনটিই করেননি দাবি করে বলেন, ‘সম্রাট ভাইয়ের সাথে সম্পর্ক ছিল এই কারণে দুদক আমার বিরুদ্ধে অনুসন্ধান চালালে অনেক এম পি মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের তো তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হবে’।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুদ্ধি অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাসিনো চালানো ও অবৈধ সম্পদ অরজনের অভিযোগে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা সম্রাটসহ আরও বেশ কয়েকজনকে। এরই অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খানকে তদারক কর্মকর্তা ও পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়। অনুসন্ধান টিমের প্রাথমিক তদন্তে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অপ্রদর্শিত ও অবৈধ সম্পদের তথ্য হাতে পেয়েছে দুদক। সে অনুযায়ী, এবার অনুসন্ধানে মাঠে নেমেছে সংস্থাটি।

দেশ রূপান্তরের পাঠকদের জন্য নাজমুলের ফেইসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘ছাত্রলীগের দায়িত্ব ছেড়েছি প্রায় চার বছর

এতদিন যাবত দেশের বাহিরেই থাকি

মাঝখানে ছাত্রলীগের সম্মেলনে এবং

জাতীয় সংসদ নির্বাচনের সময় সব মিলিয়ে তিন/ চার মাস দেশে ছিলাম

দায়িত্বে থাকার সময় টেন্ডার চাঁদা তদবির কমিটি বানিজ্য কোনটিই করিনি।

তারপরেও দুদক অনুসন্ধান চালাচ্ছেন অবৈধ সম্পদের খোজে ।

কোন অন্যায় না করে এত বড় কষ্টের দায় কেন নিতে হচ্ছে জানিনা । কষ্ট পাচ্ছিনা নিজের প্রতি ঘেন্না হচ্ছে।

এই চার বছরে ধার করেছি প্রায় অনেক টাকা

আমার পাওনাদারও আছেন আমার ফ্রেন্ডলিস্টে তাদের কাছ থেকে সময় নিয়েছি ফেরত দিবো বলে তারাও ত্যাক্ত বিরক্ত আমার প্রতি

তবে কি ইসমাঈল চৌধুরী সম্রাটের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক ছিলো এই কারনেই আমার শাস্তি ?

সম্রাট ভাই আমাকে আদর করতো স্নেহ করতো

রাজনীতির মাঠেই তার সাথে আমার সম্পর্ক হয়েছিলো ।

সম্রাট ভাইয়ের সাথে সম্পর্ক ছিলো এই কারনে দুদক আমার বিরুদ্ধে অনুসন্ধান চালালে অনেক এম পি মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের তো তাহলে যাবজ্জীবন কারাদন্ড হবে কারন...............................................

# প্রায় সব্বাই দুধে ধোয়া তুলসিপাতা #’

বি:দ্র: নাজমুলের ফেইসবুক পোস্টের বানান ও ভাষা অবিকৃত রাখা হয়েছে।