সোনারগাঁয়ে হত্যাচেষ্টার অভিযোগ দুই ইউপি সদস্যের বিরুদ্ধে

সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক প্রতিপক্ষের জমি দখলের অভিযোগ উঠেছে। দখলে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে সোনারগাঁ থানায় দুটি অভিযোগ করা হয়েছে।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল মতিনের সঙ্গে বারদী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সোনারগাঁ ভূমি কার্যালয়ে একটি মামলা চলছে। গত সোমবার সকালে হাবিবুর রহমানের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে হাবিবুর রহমান হাবু ও ওমর ফারুকের নেতৃত্বে শাহজালাল, ইকবাল হোসেন,  জাফর, আনোয়ার, সানাউল্লাহ, মনোয়ার ও হোসেনসহ ১০-১৫ জনের একটি দল আব্দুল মতিনের বাড়িতে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় আব্দুল মতিনের আত্মীয় মোখলেস মিয়া তাদের বাধা দেয়।