বালু উত্তোলনে বাধা

সোনারগাঁয়ে গ্রামবাসীর ওপর হামলা, টেঁটাবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় একজন টেঁটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিকেলে পুলিশ চারটি ড্রেজার জব্দ করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক বালু মহালটি ইজারা দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ওই এলাকায় কয়েকটি গ্রাম নদীতে বিলীন হয়ে যায়। পাশর্^বর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ সরকারের সহযোগী মানিক মিয়া, মনোয়ার হোসেন মনা, শাহপরান, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর ও মোশারফ দীর্ঘদিন ধরে ওই বালু মহাল থেকে অবৈধভাবে ২০-২৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ফলে নুনেরটেকের রঘুভাঙ্গা এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

গতকাল ভোরে ড্রেজার দিয়ে নুনেরটেক এলাকায় বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী একত্র হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা দলবলসহ সকাল ১০টার দিকে আগ্নেয়াস্ত্র, টেঁটা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে পুনরায় বালু উত্তোলন করতে আসে। পরে গ্রামবাসী ধাওয়া দিতে গেলে সন্ত্রাসীদের ছোড়া টেঁটার আঘাতে নুনেরটেক রঘুনার চর গ্রামের দিলবর হোসেন (৪৫) আহত হন। এছাড়া সন্ত্রাসীদের হামলায় জুয়েল, সাদ্দাম, আমজাদ ও আবুল হোসেন আহত হন। এ ঘটনার পর বিকেলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মেঘনা নদীর নুনেরটেক ও বৈদ্যের বাজারের মধ্যবর্তী এলাকা থেকে পুলিশ এমভি মাতাব্বর ড্রেজিং, মা বাবার দোয়া, এমভি জিন্নাত ও এশিয়া সুপার নামের চারটি ড্রেজার জব্ধ করে।

নুনেরটেক গ্রামের আবুল হাসেম জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ সরকারের লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। গ্রামবাসী তাদের ধাওয়া দিলে বালু-সন্ত্রাসীরা পিস্তুল, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করে। এ ব্যাপারে আবদুল লতিফ সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চারটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, নুনেরটেক বালু মহালে কোনো অবস্থায়ই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না