মানববন্ধনে সেলিমা

৭৪-এর দুর্ভিক্ষের ছায়া দেখতে পাচ্ছে দেশের জনগণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকার সমর্থক সিন্ডিকেট দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেছেন, ‘১৯৭৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশে দুর্ভিক্ষ হয়েছিল ও দ্রব্যমূল্য বেড়েছিল। বর্তমানে আওয়ামী লীগের আমলেও সেই একই পন্থায় দেশ পরিচালিত হওয়ায় চুয়াত্তরের ভয়ানক দুর্ভিক্ষের ছায়া দেখতে পাচ্ছে দেশের জনগণ।’ 

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে ১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকার বাকশাল গঠন করতে পারেনি। বর্তমান সরকারের পতন করতে হলে জনগণকে আবার ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, পেঁয়াজের দাম কারা বাড়াচ্ছে? এখন চালের দামও বাড়ছে। এসব পণ্যের দাম বাড়াচ্ছে একটা সিন্ডিকেট। আমরা দেখতে পারছি ’৭৪-এর সেই করাল ছায়া আবার যেন বাংলাদেশকে গ্রাস করতে চলেছে।’