কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিবহন ধর্মঘটের মধ্যেই ভর্তি পরীক্ষা

বাস মালিক ও শ্রমিকদের ধর্মঘটের মধ্যেই ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আটকে পড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা ১ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সকাল সকাল ১১টায় ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সেটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। বিকেলের শিফটের পরীক্ষাও এক ঘণ্টা পিছিয়েছে।

জানা গেছে, বাস ধর্মঘটের কারণে ময়মনসিংহসহ আশপাশের জেলা থেকে আসা কয়েকশ’ শিক্ষার্থী আটকা পড়েছেন ময়মনসিংহে। অন্যদিকে মাওনা, গাজীপুর ও টাঙ্গাইল থেকেও আসতে পারছে না ভর্তি পরীক্ষার্থীরা।

ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহ অনেক শিক্ষক-কর্মকর্তাও আসতে পারেননি বিশ্ববিদ্যালয়ে। এরপরও পরীক্ষা নেওয়ার বিষয়ে অনড় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, ‘আমরা চাই পরীক্ষা অনুষ্ঠিত হোক। সময় কিছুটা পিছিয়ে হলেও পরীক্ষা হবে। আগে থেকেই অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও আশপাশের অঞ্চলে এসে পড়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ব্যবহার করা হবে।’

পরিবহনে ধর্মঘটে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে যেখানে বাস আটকানোর কথা শোনা গেছে, সংশ্লিষ্ট থানার সহযোগিতায় সেখান থেকে বাস ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।’

উল্লেখ্য, ২০ নভেম্বর পরিবহন ধর্মঘট আগে থেকে ঘোষণা দিলেও ধর্মঘটের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । মঙ্গলবার ‘সি’ ইউনিটের পরীক্ষায় পরিবহন ধর্মঘটের কারণে শতাধিক শিক্ষার্থী অংশ নিতে না পেরে ফিরে গেছে।