ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষে দশ কর্মী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতদের বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে শেখ রাসেল হলের সামনে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রিজভী আহমেদ ওশান হেঁটে যাওয়ার সময় তাকে ডেকে নেন লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ঝিনুক, আলাল ইবনে জয় এবং চঞ্চু চাকমা। এ সময় জুনিয়র ওশান সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ ওঠে। এতে ওশানকে চড়-থাপ্পড় মারেন সিনিয়ররা। এ ঘটনার কিছু পরেই ওশানসহ কয়েকজন জিয়া মোড়ে লাঠিসোঁটা, রড নিয়ে অবস্থান করে। পরে ঝিনুক ও আলাল ইবনে জয় জিয়া মোড়ে আসলে উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পর ব্যবসায় অনুষদ ও বিশ্ববিদ্যালয় মেডিকেলের সামনে দ্বিতীয় দফায় উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ১০-১২ জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে সাতজনকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক খুরশিদা জাহান।
প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘বিষয়টি শোনামাত্র আমি ঘটনাস্থলে পৌঁছাই। উভয় পক্ষকে হলে পাঠিয়ে দিয়েছি। গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে থাকব। আশা করছি নতুন করে কোনো সমস্যা হবে না।’