প্রাণের ঝুঁকি নিয়ে কোয়েলাকে বাঁচালেন এক নারী

প্রাণের ঝুঁকি নিয়ে আগুনে দগ্ধ হওয়ার হাত থেকে একটি কোয়েলাকে বাঁচিয়েছেন এক নারী। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে মঙ্গলবার ঘটনাটি ঘটে।

কোয়েলা উদ্ধারের ঘটনাটির ভিডিও অনলাইনে শেয়ার হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। কোয়েলাটির গায়ে যাতে আগুনের তাপ কম লাগে সে জন্য নিজের টি-শার্ট খুলে প্রাণীটির শরীরে জড়িয়ে দেন তিনি।

প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টিকারী ভিডিওটি বিশ্বের গণমাধ্যমও গুরুত্বের সঙ্গে প্রচার করে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ঘটনাটির প্রশংসা করে ওই নারীর মহানুভবতায় নেটিজেনরা ভিডিওটি শেয়ারও করেছেন অসংখ্যবার।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের জঙ্গলে আগুন লাগে। ওই এলাকায় প্রচুর কোয়েলার বাস। আগুনে বেশ কিছু কোয়েলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি। ওই এলাকার মানুষ নিজের জীবনে ঝুঁকি নিয়ে বন্যপ্রাণীদের উদ্ধার করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এর ইউটিউব চ্যানেলে ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে, সাদা পোশাকে এক নারী নিজের টি-শার্ট দিয়ে জড়িয়ে একটি কোয়ালাকে আগুনের হাত থেকে বাঁচাতে ছুটছেন। নিরাপদ দূরত্বে এনে তাকে পানি খাওয়াচ্ছেন। কোয়ালাটির গায়ে আগুনের আঁচ লাগায় যন্ত্রণায় অস্থির হয়ে ছিল। নারীটি তাকে পানি খাওয়ানোর পর কোয়ালাটির গায়েও জল ঢেলে দেন। এতে কিছুটা শান্ত হয় কোয়ালাটি। আরও এক ব্যক্তি একটি কম্বল নিয়ে তার দিকে আসেন। দু’জনে মিলে কোয়ালাটিকে সরিয়ে নিয়ে যান।

কোয়ালাটিকে উদ্ধার করেপোর্ট ম্যাকোয়ারি কোয়ালা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। সেখানে তার চিকিৎসা চলছে।