ঢাকার বায়ুদূষণ প্রতিরোধে করণীয় নির্ধারণে আগামী ২৫ নভেম্বর জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। গতকাল বুধবার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সরকার সারা দেশের পরিবেশ দূষণরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ঢাকার বায়ু ও শব্দদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভা করবে। সংশ্লিষ্ট মন্ত্রী ছাড়াও সভায় ঢাকা সিটির দুই মেয়র, বিভিন্ন দপ্তর ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সবাই মিলে বায়ু ও শব্দদূষণের উৎস বন্ধে কৌশল নির্ধারণ করা হবে।’