ছ’বারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা। দেশের ফুটবল পেশাদার আঙিনায় পা রাখার পর সবচেয়ে সফলতম দল তারাই। তো, শিরোপায় চোখ রেখেই দল গড়বে আবাহনী সেটা অনুমেয়ই। গতকাল ফুটবলার রেজিস্ট্রেশনের প্রথম ধাপের শেষ দিনে যে ৩০ সদস্যের নাম জমা দিয়েছে আকাশিরা, সেখানে চোখ রাখলেই বোঝা যায় তাদের শক্তির গভীরতা। আবাহনী ছাড়াও কাল আরও ৬টি দল সেড়ে নিয়েছে দলবদলের আনুষ্ঠানিকতা। যেখানে রয়েছে ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং আরামবাগ ক্রীড়া সংঘের নাম।
নীরবে দলবদল আবাহনীর
কয়েক বছর ধরে আবাহনীর দলবদল হই চই করে হয় না। এ নিয়ে হয়তো খানিকটা আক্ষেপ থাকতে পারে সমর্থকদের। তবে দলের সাফল্যের কাছে তা কিছুই নয়। ৮ জন জাতীয় দলের খেলোয়াড়, বিদেশি ফুটবলার আনতে বাড়তি মনযোগে ভক্তরা মৌসুমের তিনটি শিরোপার আশা করতে পারে। অভিষেকেই লিগ শিরোপা জয়ী বসুন্ধরা কিংস বড় দলগুলোর সবক’টিতেই হানা দিয়েছে এবার। বাদ যায়নি আবাহনীও। তবে তাদের যে দু’জনকে কিংস নিয়েছে- তপু বর্মন ও আতিকুর রহমান ফাহাদ, ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই খেলার বাইরে। তাদের হারিয়ে হতাশ নন আবাহনীরা কর্তারা। রক্ষণভাগের দুর্বলতা কাটাতে বিদেশ থেকে দু’জন ডিফেন্ডার এনেছেন তারা। মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতুকে ছেড়ে দিয়েছে আবাহনী। তপুর বিকল্প হিসেবে তারা বসুন্ধরা কিংস থেকে নিয়েছে বর্ষীয়ান ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীকে। আর ফাহাদের শূন্যতা তারা পূরণ করেছেন শেখ রাসেলের হয়ে গত মৌসুমে ভালো খেলা সোহেল রানাকে দিয়ে। স্থানীয়দের মধ্যে জাতীয় দলে নিয়মিত খেলা গোলরক্ষক শহীদুল আলম সোহেল, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম, সোহেল রানা সিনিয়র, জুয়েল রানা এবং ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ও সাদ উদ্দিনে আস্থা রেখেছে আকাশি শিবির। রেখে দিয়েছে গত চার মৌসুম আক্রমণভাগে নেতৃত্ব দিয়ে আসা নাইজেরিয়ান সানডে চিজোবা এবং তার অ্যাটাকিং পার্টনার হাইতিয়ান কেরভেন্স বেলফোর্টকে। সঙ্গে কিরগিজস্তান জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার এডগার বার্নাড, ভারতীয় সুপার লিগ রানার্সআপ চেন্নাইন এফসির ব্রাজিলিয়ান অধিনায়ক মাইলসন আলভেজ এবং দলের হয়ে গত এএফসি কাপে খেলা মিসরের ডিফেন্ডার আলাদিন ঈসাকে চুক্তিবদ্ধ করেছে দলটি। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘গতবার আমরা অনেকগুলো গোল করলেও গোল খেয়েছি অনেক বেশি। দল গড়ার সময় চেষ্টা করেছি ডিফেন্সের সমস্যাটা যাতে না থাকে। এ জন্য দু’জন বিদেশি ডিফেন্ডার নেওয়া হয়েছে। এবার কোনো ইনজুরি সমস্যা নেই।’ ঘরোয়া আসরগুলো ছাড়াও আবাহনী দৃষ্টি দিচ্ছে আগামী এএফসি কাপেও। লিগ রানার্সআপ হওয়ায় তাদের খেলতে হবে বাছাইয়ের প্লে-অফ।
মুক্তিযোদ্ধা-আরামবাগ চায় টিকে থাকতে
সম্প্রতি ক্লাব পাড়ায় র্যাব-পুলিশের অভিযানে ক্যাসিনো চালানোর অভিযোগে সিলগালা করে দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং আরামবাগ ক্রীড়া সংঘ। এ জন্য দল দুটির দলবদলে অংশ নেওয়াই অনিশ্চিত হয়ে পড়েছিল। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনস্ত হিসেবে তারপরও দলবদলের মাঠে কোনোমতে টিকে ছিল মুক্তিযোদ্ধা। আর্থিক সংকটের কারণে আরামবাগ তো একটা সময় ঘোষণাই দিয়েছিল তারা দলবদলেই অংশ নেবে না। তবে এলাকাবাসীর সহায়তায় কোনোমতে একটা দল গঠন করেছে তারা। গতকাল শেষ দিনে ৬ জন স্থানীয় ফুটবলারকে নিশ্চিত করে ২৫ জনের একটা তালিকা বাফুফেতে জমা দেয় দলটি। যেখানে ৪ জন বিদেশি আর আগের মৌসুমে খেলা ফুটবলার ৭ জন। ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ‘একেবারে শেষ সময়ে আমরা দল গঠনের উদ্যোগ নিই। কোনোমতে একটা দল দাঁড় করিয়েছি। আমাদের লক্ষ্য তাই একটাই অবনমন এড়ানো।’ মুক্তিযোদ্ধা সংসদের অবস্থান ততটা খারাপ নয়। বরং দলের কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর দাবি এবার গতবারের মতোই দল হয়েছে। কাল শেষ দিনে খেলোয়াড়দের নিয়ে বাফুফে ভবনে হাজির হয়ে সেন্টু বলেন, ‘এবার আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কারণ রহমতগঞ্জ ও পুলিশ এফসি শক্তিশালী দল গড়েছে। ৭-৮ এর মধ্যে থাকতে পারলেই আমি খুশি।’ মুক্তিযোদ্ধার সভাপতি জহুরুল ইসলাম রোহেল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বরাত দিয়ে বলেন, ‘সবাই নিয়মিত টাকা পাবে। মন্ত্রী চেষ্টা করছেন এবং কথা দিয়েছেন ক্লাব চালানোর জন্য যা লাগে তা দেওয়ার।’
মারুফুলকে ঘিরে চট্টগ্রাম আবাহনীর স্বপ্ন
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গতকাল জমা দেওয়া চট্টগ্রাম আবাহনীর দলটিকে মোটেই মেলানো যাবে না। এই দলের নামি-দামি খেলোয়াড় নেই বলার মতো। তবে তারা দলে নিয়েছে তারকা কোচ মারুফুল হককে। ৩১ সদস্যের দলে পুরনো খেলোয়াড় ৫ জন। দলের ম্যানেজার আরমান আজিজের কথায়, এরা সবাই গত মৌসুমে পারফর্ম করা তরুণ খেলোয়াড়। তরুণ ও পরীক্ষিত। সঙ্গে রয়েছে ৫ জন বিদেশিÑ দু’জন উজবেকিস্তানের, একজন করে ব্রাজিল, আইভোরি কোস্ট ও নাইজেরিয়ার খেলোয়াড়। মারুফ ভাইয়ের অধীনে আমরা ভালো খেলার লক্ষ্যেই মাঠে নামব।’
এছাড়া দলবদলের শেষ দিনে মাঝারি মানের দল গড়েছে রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন এবং দু’মৌসুম পর শীর্ষ লিগে ফেরা উত্তর বারিধারা।