সশস্ত্র বাহিনী দিবস ২০১৯

শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

‘সশস্ত্র বাহিনী দিবস ২০১৯’ উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে বৃহস্পতিবার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সেনাবাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে জানা যায়, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সকালে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। রাষ্ট্রপতি সেখানে রক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে এসে পৌঁছালে তিন বাহিনী প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক হামলা শুরু করে। স্বাধীনতার পর এই ঐতিহাসিক দিনে প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে আসছে।