সাবেক ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন রানার দায়িত্ব নিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল ১৬ নভেম্বর। ওই দিন রানার মলিন মুখের ছবি ফেইসবুকে ভাইরাল হয়। সম্মেলন ও তাকে ঘিরে ব্যাপক চর্চা হয়। এর পর রানার দায়িত্ব নেন এলিট।
এ বিষয়ে তিনি বলেন, “মিরসরাইবাসীর সঙ্গে দীর্ঘদিন কাজ করতে করতে রানা ভাইসহ আরও কিছু আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারিদের খবর পাই যারা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ বা জেলা ছাত্রলীগের কিংবা উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এদের সবাই আওয়ামী লীগের জন্য এমন সব ত্যাগ স্বীকার করেছেন যা বর্তমানে খুবই বিরল। কিন্তু তাদের তেমন কোন প্রাপ্তি নেই দল থেকে। তবে প্রাপ্তি থেকেও বড় বিষয় মূল্যায়ন নেই কারোই। এটাই এদের মনের অনেক বড় কষ্টের বিষয়।”
আরও বলেন, “মে মাসে খবর আসে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন রানা ভাই ভালো নেই। নিদারুণ অর্থ কষ্ট নিয়ে দিন যাপন করছেন। চিকিৎসা নিতে পারছেন না। তখনই আমি নিজ উদ্যোগে কালের কণ্ঠ শুভ সংঘ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীনকে মোতাহার হোসেন রানা ভাইয়ের বাড়িতে পাঠাই।”
এলিট বলেন, “রানা ভাইয়ের দায়িত্ব আমি নিলাম। ওনার সন্তানদের পড়ালেখার খরচ, ওনার চিকিৎসা খরচসহ আমি প্রতি মাসে একটি সম্মানী দেবো। যা ওনার ব্যক্তিগত হিসেবে জমা হবে।”
রানার বাড়ি সংস্কারের আশ্বাসও দেন এলিট।