অপপ্রচারে কান না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে জানা যায়, ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এই সব কথা বলেন।
তিনি বলেন, “মাঝে মাঝে আমরা দেখি, অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। আমি সবাইকে একটা কথা বলবো, এই অপপ্রচারে কান দেবেন না।”
প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন অপপ্রচার বিশেষ করে পেঁয়াজ, লবণ প্রভৃতির সংকটের অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
তিনি বলেন, “এটা করবে আমি জানি, এটা স্বাভাবিক। কাজেই সেটাকে মোকাবিলা করেই আমাদের চলতে হবে, আমরা সেভাবেই চলছি।”
মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য সশস্ত্র বাহিনী দিবস-২০১৯ উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করেন প্রধানমন্ত্রী।