দারুণ বোলিংয়ের পর সৌম্যর ঝড়ো ব্যাটিং

ইমার্জিং এশিয়া কাপের সেমি-ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে আগুনে বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য দেখিয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের সৌম্য সরকার। উইকেট ছাড়ার আগে খেলেছেন ঝড়ো এক ইনিংস।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন ওপেনার সৌম্য। দলীয় ২৬ রানে অপর ওপেনার মোহাম্মদ নাঈম আউট হলেও তাণ্ডব অব্যাহত রাখেন তিনি।

শেষ পর্যন্ত ব্যক্তিগত ৬১ রানে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য। ৫৯ বলে গড়া তার ইনিংসটিতে রয়েছে তিনটি চার ও তিনটি ছক্কা!

এর আগে বোলিংয়েও নৈপুণ্য দেখান সৌম্য। আফগানিস্তানকে ২২৮ রানে আটকে দিতে ৫৮ রানে ৩ উইকেট নিয়ে বড় অবদান রাখেন ডানহাতি এই পেসার।

চলতি টুর্নামেন্টে চার ম্যাচ খেলে এই নিয়ে তিনটি অর্ধশতক হাঁকালেন সৌম্য। উইকেট নিলেন পাঁচটি।