নোয়াখালিতে চলছে নঈম ইমতিয়াজ নেয়ামূলের সিনেমা ‘গাঙচিল’-এর শুটিং। সারা দিন নায়িকা পূর্ণিমাকে নিয়ে কাজ। কিন্তু নায়িকা আটকে আছেন ঢাকাতেই। কারণ পরিবহন শ্রমিকদের ধর্মঘট। শেষে নায়িকা পূর্ণিমাকে হেলিকপ্টারে করে শুটিং স্পটে আনতে হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার। পরিচালক জানান, নোয়াখালীর বসুরহাটে চলছিল শুটিং। পরিবহন ধর্মঘটের কারণে সড়কপথে যেতে পারছিলেন না চিত্রনায়িকা পূর্ণিমা। তাই বিকল্প ব্যবস্থা করতে হয়। গতকাল দুপুর ১টার দিকে হেলিকপ্টারে চড়ে পূর্ণিমা শুটিং স্পটে পৌঁছান। এরপর দৃশ্যধারণে অংশ নেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে ছবিটি নির্মাণ হচ্ছে। এতে উঠে আসবে চরের মানুষের জীবনের গল্প। এতে এনজিও কর্মী মোহনার চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা আর সাংবাদিক সাগর হিসেবে দেখা যাবে ফেরদৌসকে। এ ছবিতে আরও অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, জয়রাজ প্রমুখ।