ঝগড়ার প্রতিশোধ নিতে বন্ধুকে খুন করল কিশোর

চট্টগ্রাম নগরীর হালিশহরে ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনার পর পুলিশ হত্যায় জড়িত থাকার অভিযোগে তার এক বন্ধুকে ছুরিসহ আটক করেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে হালিশহর থানার বড়পুল পিডিবি অফিস এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ইরফান আহমেদ (১৮) হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে। সে কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আব্দুল হামিদ জানান, বিকেল ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় ইরফান আহমেদ নামে একজনকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে জখমের চিহ্ন আছে।

হালিশহর থানার ওসি এস এম ওবায়দুর রহমান বলেন, কিছুদিন আগে কথাকাটাকাটির জেরে ইরফান ও তার বন্ধু সাদ্দামের মধ্যে ঝগড়া হয়। এরপর গত চার দিন আগে ইরফানকে দেখে শাসিয়ে কথা বলে সাদ্দাম। এতে ক্ষিপ্ত হয়ে ইরফান সেদিন সন্ধ্যায় সাদ্দামকে মারধর করে। এর জেরে সাদ্দাম তাকে হত্যার পরিকল্পনা করে একটি ছোরা কেনেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো বলেন, বৃহস্পতিবার বিকেলে পিডিবি অফিসের সামনে দেখা পেয়ে তাদের মধ্যে কাটাকাটির হয়। একপর্যায়ে ইরফানকে ছুরিকাঘাত করে সাদ্দাম। এলাকাবাসীর সহায়তায় সাদ্দামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।